জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতকে সর্বোচ্চ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ ১০৪ জন শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ সংকটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, ৫২-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ কিংবা দেশের যেকোনো সংকটের কথাই যদি বলি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান সবসময়ই অনস্বীকার্য ছিল। প্রতিটি জাতীয় সংকটে তাদের অবস্থান ছিল দৃশ্যমান। আর এ কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ডিনস অ্যাওয়ার্ড কেবল শিক্ষার্থীদের একটি স্বীকৃতিই নয়; বরং এটি তাদের মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজের প্রতি অঙ্গীকার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা সচিব আব্দুল খালেক বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। আদর্শ শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে গড়ে তোলার মূল দায়িত্ব তাদের ওপরই ন্যস্ত। পুরোনো মূল্যবোধ, শিক্ষক-শিক্ষার্থীর নিবিড় সম্পর্ক ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।
ডিনস অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ফারিহা ইয়াসমিন। তিনি বলেন, এই স্বীকৃতি আমাকে নতুন করে দায়িত্বশীল করে তুলেছে। ভবিষ্যতে শিক্ষা, গবেষণা এবং সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীই তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। ডিনস অ্যাওয়ার্ড আমাদের সেই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘ডিনস অ্যাওয়ার্ড কমিটি ২০২৬’-এর আহ্বায়ক অধ্যাপক ড. পরিমল বালা। জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মনজুর মোর্শেদ ভূঁইয়াসহ আরও অনেকে।
উল্লেখ্য, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। প্রথম আসরে বিভিন্ন অনুষদের মোট ১০৪ জন শিক্ষার্থী এই গৌরবময় অ্যাওয়ার্ড লাভ করেন। এর মধ্যে কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজ অনুষদের ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ২৯ জন এবং আইন ও চারুকলা অনুষদ থেকে ৩ জন করে শিক্ষার্থী এই সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।
এমএল/আরএফ/বিআরইউ
