বিজ্ঞাপন

আমা কফি ক্যাম্পাস ফুটসাল শুরু হচ্ছে ২৮ জুন থেকে, খেলবে ৩২ বিশ্ববিদ্যালয়

আমা কফি ক্যাম্পাস ফুটসাল শুরু হচ্ছে ২৮ জুন থেকে, খেলবে ৩২ বিশ্ববিদ্যালয়

দেশের অন্যতম বৃহৎ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট আমা কফি ক্যাম্পাস ফুটসাল-২০২৬ এর সূচি প্রকাশ (ফিক্সচার রিভিল) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্ধারণ করা হয় টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ সূচি।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের দল, যাদের মধ্যে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মোট ১৬টি ম্যাচ। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৮, ২৯ ও ৩০ জুন, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম।

শনিবার ফিক্সচার রিভিল অনুষ্ঠানের আগে গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ট্যুর, জার্সি রিভিল ও ট্রফি ট্যুর আয়োজন করা হয়, যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে টুর্নামেন্ট নিয়ে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। আজকের ফিক্সচার রিভিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই পুরো প্রচারণা ক্যাম্পেইনের সমাপ্তি ঘটল, এবং একইসাথে শুরু হলো মূল লড়াইয়ের প্রথম ধাপ।

চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা প্রাইজমানি, রানার্সআপ পাবে ২ লাখ টাকা এবং দুই সেমিফাইনালিস্ট দল পাবে ১ লাখ টাকা করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে জিটিভিতে, ফলে সারাদেশের দর্শকরাও উপভোগ করতে পারবেন ক্যাম্পাস ফুটসালের এই উন্মাদনা।

ফিক্সচার রিভিল অনুষ্ঠানে লটারি পদ্ধতিতে নির্ধারণ করা হয় প্রথম রাউন্ডের প্রতিপক্ষ। জারে রাখা ৩২টি দলের নাম থেকে পর্যায়ক্রমে দুটি করে নাম তুলে একটি করে ম্যাচ চূড়ান্ত করা হয়, এবং প্রতিটি ফলাফল সাথে সাথে স্ক্রিন ও বোর্ডে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র প্রতিনিধি, টুর্নামেন্ট কর্মকর্তা, ম্যাচ অফিসিয়াল এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর টিম ক্যাপ্টেন ও
প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে আয়োজিত হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে দলগুলো ম্যাচ সূচি, নিয়মকানুন ও পরবর্তী প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান। পরে দলভিত্তিক ও যৌথ গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন