ভালোবাসার টানে সুদূর চীন থেকে রংপুরে ছুটে এসেছেন এক চীনা নাগরিক। কিন্তু প্রেমিকার ফোন বন্ধ থাকায় তাকে খুঁজে পাচ্ছেন না তিনি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর শেষমেশ প্রেমিকার সন্ধানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে এসেছেন এই বিদেশি নাগরিক।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা সেই নাগরিককে দেখতে পায়। পরে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি প্রেমের সম্পর্কের জেরে রংপুরে এসেছেন।
চিনা নাগরিকের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি রংপুরের সামিয়া নামে এক মেয়ের সঙ্গে প্রেম করেন। তার সঙ্গে দেখা করতেই বাংলাদেশের রংপুরে এসেছেন। কিন্তু রংপুরে আসার পর সেই মেয়ের ফোন বন্ধ পাচ্ছেন তিনি।
বেরোবি পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই বনমালী ঢাকা পোস্টকে বলেন, এই চিনা নাগরিক প্রেমের টানে এসেছেন। কিন্তু সেই মেয়ের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আমরা একটা অ্যাড্রেস পেয়েছি ধারণা করছি মেয়ের বাসা নগরীর মাহিগঞ্জ এলাকায়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা এখন তাকে (চিনা নাগরিক) ফেরত পাঠানোর ব্যবস্থা করতেছি; কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকার বাসে উঠিয়ে দেব তাকে।
রিপন শাহরিয়ার/এমএন
