জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বহুল প্রতীক্ষিত ৭ম সমাবর্তন আগামী বছরের (২০২৭ সাল) ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। শনিবার (২৭ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক অধিবেশনে উপাচার্যের ভাষণে তিনি এ কথা জানান।
ভাষণে উপাচার্য বলেন, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। আমি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। আমি এ বিষয়ে আপনাদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।
এর আগে গত বছর অনুষ্ঠিত ৪২তম সিনেট অধিবেশনে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সমাবর্তন করার কথা জানিয়েছিলেন উপাচার্য, যা এবার পুনর্নির্ধারণ করা হলো।
অধিবেশনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান জনবল ও শিক্ষার্থীর সামগ্রিক পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে সর্বমোট ১২ হাজার ১৯৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এছাড়া এমফিল গবেষকের সংখ্যা ৯১৬ জন এবং পিএইচডি গবেষকের সংখ্যা ৯৫৪ জন।
প্রাতিষ্ঠানিক জনবলের চিত্র তুলে ধরে তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭০৭ জন শিক্ষক, ৩৯২ জন কর্মকর্তা, ৯৯৮ জন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ৪৫৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন। পাশাপাশি জাবি স্কুল ও কলেজের শিক্ষক সংখ্যা ৪৭ জন।
দীর্ঘ সাড়ে তিন দশক পর জাকসু মনোনীত পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধির উপস্থিতিতে চলমান এই ঐতিহাসিক সিনেট অধিবেশনে উপাচার্যের সমাবর্তন সংক্রান্ত এই ঘোষণা সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
আরএআর
