জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর করতে নতুন শিক্ষাবর্ষ (৫৫তম ব্যাচ) থেকে চালু হচ্ছে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘জাবিয়ান ট্র্যাক’।
শনিবার (২৭ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে ‘জাবিয়ান ট্র্যাক’ চালুর ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উপাচার্য জানান, এই ‘জাবিয়ান ট্র্যাক’ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই পরীক্ষা ব্যবস্থাপনা, ফলাফল পর্যবেক্ষণ, পরীক্ষার আবেদন, ফি পরিশোধ, প্রবেশপত্র ডাউনলোড এবং নিজেদের একাডেমিক অগ্রগতিসহ নানা গুরুত্বপূর্ণ কাজ অনলাইনেই সম্পন্ন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, পর্যায়ক্রমে এই প্ল্যাটফর্মের সঙ্গে হল মডিউল, বিভাগীয় মডিউল, প্রশাসনিক সেবা এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সেবাও যুক্ত করা হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সনাতন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে এক বড় ধরনের গতিশীলতা এবং আধুনিকতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দীর্ঘ সাড়ে তিন দশক পর জাকসু মনোনীত পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধির উপস্থিতিতে চলমান এই ঐতিহাসিক সিনেট অধিবেশনে উপাচার্যের এই আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ঘোষণা সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
আরএআর
