ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনা অধিকতর তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় কমিটি গঠনের এই সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কমিটিকে উপাচার্যের কাছে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে আহ্বায়ক এবং অ্যাকাডেমিক শাখার উপরেজিস্ট্রার মাছুদুল হক তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—দবাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (পি আর এল) ড. আশরাফুর রহমান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।
জানা যায়, গত ৪ মার্চ বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে ওই শিক্ষিকার নিজ কক্ষে কর্মচারী কর্তৃক হত্যার ঘটনা ঘটে। পরে ৭ মার্চ এ ঘটনা তদন্তে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপরেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্য-সচিব করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টের আলোকে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে প্রশাসন।
মাওয়াজুর রহমান/এএমকে
