চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (সিইউডিসি)-এর ‘বিতর্ক কর্মশালা ২০২৬’-এর উদ্বোধন এবং ‘শহীদ ওসমান হাদি স্মারক সিইউডিসি নোভিস বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন গণমাধ্যম ‘ঢাকা পোস্ট’।
দুপুর ১২টায় নোভিস বিতর্ক উৎসবের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে সরকার দল হিসেবে অংশ নেন ঐশ্বর্য বিশ্বাস পূজা, আবদুল আল হাসিব ও মঈন উদ্দিন হাসান রিয়াদ। অন্যদিকে বিরোধী দলে ছিলেন আবদুল্লাহ খান, সিরাজুম মনিরা ও আহমেদ হাবিব সাকির।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় বিরোধী দল জয়লাভ করে। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিইউডিসির আহ্বায়ক নোমান ইবনে মোসলেহ উদ্দীন, মিডিয়া কনভেনর আবু তালহা রাফি এবং ডিবেট উইংয়ের সদস্য আমিরুল ইসলাম আফনান।
এরপর দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয় সিইউডিসি বিতর্ক কর্মশালা ২০২৬-এর উদ্বোধনী পর্ব। সিইউডিসির মিডিয়া উইংয়ের কো-কনভেনর ওমর ফাইয়াজ ও সাধারণ সদস্য ঐশ্বর্য বিশ্বাস পূজার সঞ্চালনায় অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের আহ্বায়ক নোমান ইবনে মোসলেহ উদ্দীন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ও সিইউডিসির মডারেটর অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস), এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)-এর সভাপতি রেফায়েত উল্যাহ রুপক।
অনুষ্ঠানে বক্তারা নবীন বিতার্কিকদের জন্য আয়োজিত এই কর্মশালার ভূয়সী প্রশংসা করেন এবং সিইউডিসির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিতর্ক, পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশনসহ বিভিন্ন সফট স্কিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে ‘শহীদ ওসমান হাদি স্মারক সিইউডিসি নোভিস বিতর্ক উৎসব ২০২৬’-এর বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সিইউডিসির মডারেটর অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এমএন
