বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানকে অবমাননার অভিযোগ, চবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

জুলাই অভ্যুত্থানকে অবমাননার অভিযোগ, চবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী তার ফেসবুক আইডিতে জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপ করার আনীত অভিযোগের বিষয়টি তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন পেশ করার জন্য উপাচার্যের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিনকে আহ্বায়ক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে সদস্য এবং সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপ করে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে। পরে ১১ জুলাই (শনিবার) ফেসবুকে ওই পোস্টের একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।

মো. সারওয়ার হোসেন/ডিএ