বিজ্ঞাপন

সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি প্রেসক্লাব

সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি প্রেসক্লাব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাবি প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় সংগঠনটির কার্যালয়ে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাবি প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের সাবেক ডিন ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুক হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল। এছাড়াও রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন মাহিন, ডালিম হোসেন শান্ত, সফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন বক্তব্য দেন।

 জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত হলে শুরু থেকেই বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে দ্রুততার পাশাপাশি তথ্য যাচাই করে নির্ভুল সংবাদ প্রকাশ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো সংবাদ যেন অযথা কারও ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সচেতন থাকতে হবে।

রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুক হক বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শুধু একাডেমিক পড়াশোনাই নয়, সহশিক্ষা কার্যক্রমেও সম্পৃক্ত হওয়া প্রয়োজন। নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ক্যাম্পাস সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাংবাদিকতায় আগ্রহীদের প্রেসক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বানও জানান তিনি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, একজন সাংবাদিককে শুধু সংবাদ সংগ্রহ করলেই হবে না, সমাজ, রাষ্ট্র ও সাংবাদিকতার ইতিহাস সম্পর্কেও সম্যক ধারণা থাকতে হবে। পাশাপাশি কিছু দুর্নীতিগ্রস্ত গোষ্ঠী নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করে। তাই নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে আশিকুল ইসলাম বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা স্বেচ্ছাসেবামূলক হলেও এটি শিক্ষার্থীদের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের বড় একটি ক্ষেত্র। যারা সত্যিকার অর্থে সাংবাদিকতায় আগ্রহী, তাদের জন্য প্রেসক্লাব সবসময় সহযোগিতার জায়গা হয়ে থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসান। এ সময় সহসভাপতি মারুফ হোসেন মিশন ও মিরাজ আফ্রিদি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ শোয়েব, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি পরশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর তুহিন, দপ্তর সম্পাদক আবু বকর অনিক, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহিনসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত আহ্বানে এবার প্রায় ২০০ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

জুবায়ের জিসান/এমএমবি