জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ও বাসের জন্য অপেক্ষার অবসান ঘটাতে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার (iTracker)’ চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।
‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে নেওয়া এই উদ্যোগের ফলে এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর রিয়েল-টাইম (তাৎক্ষণিক) অবস্থান জানা যাবে।
রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্র্যাকিং সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষের জীবনকে সহজ, নিরাপদ ও কার্যকর করে তোলে। এই ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে সবার সময় সাশ্রয় হবে এবং পরিবহনসেবার মান অনেক উন্নত হবে।
উপাচার্য আরও উল্লেখ করেন, এই ব্যবস্থা পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। নির্ধারিত রুটের বাইরে গাড়ি চলাচল বন্ধ হওয়া, জ্বালানি অপচয় রোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ পরিচালনায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই সেবার ধারাবাহিকতা ও টেকসই রক্ষণাবেক্ষণের ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, জাকসু দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্যাম্পাসকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইলেকট্রিক কার্ট ও অটোরিকশার পর আজ লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করা হলো। এই প্রযুক্তিগত সেবাটি যেন ভবিষ্যতে সফলভাবে চালু থাকে, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, জাকসু নেতৃবৃন্দ এবং ইফাদ গ্রুপের প্রতিনিধিরা।
মুহাম্মদ সাব্বির/এসএইচএ
