ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে খেলা উপভোগ করতে জড়ো হয়েছেন হাজারও শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী দর্শক।
সোমবার (২০ জুলাই) রাত ১টার ফাইনাল পরিদর্শনের আয়োজন ঘিরে ক্যাম্পাস জুড়ে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে জিমনেসিয়ামে বিশাল এলইডি জায়ান্ট স্ক্রিনে খেলা প্রদর্শনের এই আয়োজনে ক্যাম্পাস জুড়ে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে পতাকা নিয়ে এবং মুখে প্রিয় দলের স্লোগান দিয়ে শিক্ষার্থীরা ভিড় জমান জিমনেসিয়াম এলাকায়। খেলা শুরুর আগ থেকেই দর্শকদের উল্লাস আর চিৎকারে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
খেলা দেখতে আসা শিক্ষার্থী মানিক রহমান বলেন, বন্ধুদের সঙ্গে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার অনুভূতি ভিন্ন মাত্রার আনন্দ দেয়। এমন আয়োজন ক্যাম্পাস জীবনে বাড়তি বিনোদন ও উৎসবের আবহাওয়া তৈরি করেছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বের কোটি মানুষের আবেগ ও সম্প্রীতির প্রতীক। সেই আনন্দ ও উচ্ছ্বাস সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা এই ফাইনাল ম্যাচ দেখার আয়োজন করেছে। আমরা বিশ্বাস করি, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই যেন একসঙ্গে এই বিশ্ব আসরের ফাইনাল উপভোগ করতে পারে, সেটিই আমাদের মূল উদ্দেশ্য।
মাওয়াজুর রহমান/এমএন

