World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনাল, কানায় কানায় পূর্ণ বেরোবির স্মারক মাঠ

বিশ্বকাপ ফাইনাল, কানায় কানায় পূর্ণ বেরোবির স্মারক মাঠ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ঘিরে ফুটবল উৎসবে মেতেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী সমর্থকরা। 

স্পেন-আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচ বড় পর্দায় উপভোগ করতে রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে নামে শিক্ষার্থীদের ঢল। কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ।

খেলা শুরুর অনেক আগ থেকেই মাঠে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। প্রিয় দলের জার্সি, পতাকা ও নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ম্যাচের প্রতিটি আক্রমণ, সেভ ও সুযোগে উল্লাস-হতাশায় মেতে উঠেছে দর্শকরা। স্বাধীনতা স্মারক মাঠ রূপ নিয়েছে এক টুকরো ফুটবল স্টেডিয়ামে।

খেলা দেখতে আসা শিক্ষার্থী হুমায়ুন কবির বলেন, ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল উপভোগ করার অনুভূতি ভিন্ন মাত্রার। বন্ধুদের সঙ্গে এমন পরিবেশে খেলা দেখার আনন্দ স্মরণীয় হয়ে থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়। ফাইনাল উপলক্ষ্যে দর্শকের উপস্থিতি ছিল টুর্নামেন্টের অন্য যেকোনো ম্যাচের তুলনায় সবচেয়ে বেশি। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হলেও প্রাচীর টপকে ও মূলগেট দিয়েও বিক্ষুব্ধ হাজারো সমর্থক জোরপূর্বক প্রবেশ করেছে ক্যাম্পাসে। 

রিপন শাহরিয়ার/এমএন