বৃষ্টি উপেক্ষা করেই ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল দেখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক মাঠে জড়ো হয়েছিলেন হাজারো ফুটবলপ্রেমী শিক্ষার্থী, সমর্থকরা। তবে অতিরিক্ত সময়ে স্পেনের জয়সূচক গোলে শিরোপা হাতছাড়া হওয়ায় শেষ পর্যন্ত হতাশা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মাঠ ছাড়তে দেখা যায়।
সোমবার (২০ জুলাই) ভোররাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা স্মারক মাঠে বড় পর্দায় ফাইনাল ম্যাচ বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেখা শেষে হতাশ হয়ে ফিরতে হয় আর্জেন্টাইন সমর্থকদের। খেলা শুরুর অনেক আগ থেকেই মাঠে ভিড় করেন শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যেই ছাতা, রেইনকোট ও ভিজেই খেলা উপভোগ করেন ফুটবলপ্রেমী শিক্ষার্থী ও সমর্থকরা।
ম্যাচজুড়ে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো মাঠ। তবে অতিরিক্ত সময়ে স্পেন ম্যাচের একমাত্র গোলে এগিয়ে গেলে মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। স্পেন সমর্থকদের উল্লাসে যখন স্বাধীনতা স্মারক মাঠ প্রকম্পিত, তখন নীরবে বসে থাকতে দেখা যায় আর্জেন্টিনা সমর্থকদের। শেষ বাঁশি বাজতেই অনেকেই হতাশ মুখে মাঠ ত্যাগ করেন।
খেলা দেখতে আসা শিক্ষার্থী নাদিমুল হাসান বলেন, বৃষ্টি কোনো বাধা হতে পারেনি। প্রিয় দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু ফলটা আমাদের পক্ষে আসেনি। হার-জিত খেলাধুলারই অংশ, তবুও বিশ্বকাপ ফাইনালে এমন হার কষ্টের।
রিপন শাহরিয়ার/জেআই
