বিজ্ঞাপন

র‍্যাগিংয়ের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী বহিষ্কার

র‍্যাগিংয়ের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং ও নির্যাতনের দায়ে ৫৪তম ব্যাচের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (শিক্ষাবর্ষ: ২০২৪-২০২৫) কতিপয় শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন, বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালাগালি এবং কান ধরে ওঠবস করানোর মাধ্যমে শেরেবাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে (মনপুরা) র‍্যাগিং ও নির্যাতন করেন। এই ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৫(ঙ) ধারায় বর্ণিত নিয়মাবলীর স্পষ্ট লঙ্ঘন। ফলশ্রুতিতে, উক্ত অধ্যাদেশের ৪ (১) (খ) ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—মওলানা ভাসানী হলের মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. জাহিদ হাসান ও মো. ফয়সাল আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের মো. মাহমুদুল হাসান খান আকিব, শহীদ রফিক-জব্বার হলের মো. মাহমুদুল আমিন সিয়াম এবং শহীদ সালাম-বরকত হলের মো. মোস্তাফিজুর রহমান ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল। বহিষ্কৃত সব শিক্ষার্থীই পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের ছাত্র।

প্রসঙ্গত, এর আগে গত ৩ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের 'ম্যানার' শেখানোর নামে র‍্যাগিং করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় প্রক্টোরিয়াল টিমের হাতে আটক হওয়া ও লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের ১২ জন শিক্ষার্থীকেও সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এএমকে