শিক্ষার্থীদের শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করা এবং কৃষি প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচার সিরিজ’-এর ১৭তম সেশন।
মঙ্গলবার (২১ জুলাই) সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়টির ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টার (আইআইসি) এ সেশনের আয়োজন করে।
‘পোস্ট-হারভেস্ট টেকনোলজি ইন দ্য ফিল্ড অব গুড ফুড ফর অল’ শীর্ষক এই সেশনে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ গ্রুপ বাংলাদেশের (কেজিবি) ব্যবস্থাপনা পরিচালক এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ড. মো. আলী আফজাল।
মূল বক্তব্যে ফসল সংগ্রহ-পরবর্তী ক্ষয়ক্ষতি কমানো ও খাদ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ড. আলী আফজাল বলেন, কৃষি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তাই একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি। প্রযুক্তিনির্ভর এই যুগে তরুণদের সামনে অসীম সম্ভাবনা রয়েছে। ইচ্ছাশক্তি, সাহস এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে তারাই আগামী দিনের সফল উদ্যোক্তা হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে ডিআইইউ-এর তিনটি বিভাগ—ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, রিয়েল এস্টেট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে কৃষিবিদ গ্রুপ বাংলাদেশের তিনটি পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর আওতায় যৌথ গবেষণা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্প-সংযুক্ত প্রকল্প ও কর্মশালার সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, আইআইসির পরিচালক অধ্যাপক ড. মো. বেলাল হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা।
সেশন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত সেরা ১০ জন শিক্ষার্থীকে বিশেষ স্বীকৃতি সনদ দেওয়া হয়। পাশাপাশি ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘GoEdu’-এর বিভিন্ন কোর্সে ছাড় পান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং GoEdu-এর ই-লার্নিং সহযোগিতায় এ লেকচার সিরিজটি পরিচালিত হচ্ছে।
জেআই
