বিজ্ঞাপন

মাহমুদা মিতু

‘আমরা ট্যাগিং, ফ্রেমিংয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারিনি’

‘আমরা ট্যাগিং, ফ্রেমিংয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারিনি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও আমরা ট্যাগিং, ফ্রেমিংয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারিনি। জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা হলো যেকোনো মূল্যে এই ট্যাগিংয়ের নোংরা সংস্কৃতি থেকে বেরিয়ে আসা।

রোববার (২৬ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সামনে চব্বিশের আন্দোলনের ইতিহাস তুলে ধরতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশক্তির আয়োজনে অনুষ্ঠিত ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক ফটো এক্সিবিশনে তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু আরও বলেন, আমি রাজনীতিতে এসেছি খুব অল্প সময়ে, দুই বছর যখন থেকে নাগরিক কমিটি হয়েছে তখন। আমার জীবনে কিন্তু কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না। আমি যখন দেখেছিলাম যে ইয়ামিনের লাশ ট্যাংক থেকে ফেলে দেওয়া হচ্ছে, যখন দেখেছি যে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে লাশের পর লাশ, এগুলো তোমরা সবাই দেখেছো। তো ওই জায়গা থেকেই আমি আমার ক্যারিয়ার রেখে দিয়ে রাজনীতিতে এসেছি। এই দিকে আসার পর মনে হয়েছে যে, আমি তো একা হয়ে যাচ্ছি, আমার তো আরও অনেক বোনদেরকে দরকার, অনেক বেশি মানুষ দরকার, যারা আসলে রাজনীতিই করবে।

তিনি আরও বলেন, আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে কিছু ছোট বোনকে দেখে ভালোবেসে কাছে ডাকতে চাইছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আর ডাকতে পারলাম না। আমার মনে হলো আমি তো রাজনীতির সাথে যুক্ত। এই রাজনীতির ট্যাগিং ও ফ্রেমিংয়ের কারণে আমার সাথে কথা বলার অপরাধে ওই নিষ্পাপ মেয়েটি আবার কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক হেনস্তার শিকার হয় কিনা! রাজনীতির এই অদৃশ্য ভয় আমাদের মাঝে এখনও আছে। এই সংস্কৃতি থেকে বাংলাদেশ এখনও বেরিয়ে আসতে পারেনি। আমরা বৈষম্যহীন যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেখানে যদি এখনও রাজনৈতিক লেভেল লাগিয়ে মানুষকে অপদস্থ করার চর্চা চলতে থাকে, তবে সেই পরিবর্তন অর্থহীন হয়ে পড়বে।

এ সময় সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে ও সদস্য-সচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য-সচিব আখতার হোসেন। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাওয়াজুর রহমান/এসএইচএ