বিজ্ঞাপন

ইবির পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় শিক্ষার্থী উদ্ধার

ইবির পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় শিক্ষার্থী উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় ইয়াসির নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

গুরুতর অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম ইয়াসির। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টিতে ফুটবল খেলার পর কয়েকজন শিক্ষার্থী পুকুরে সাঁতার কাটতে নামেন। ইয়াসিরসহ ৩ জন এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতরে যাওয়ার সময় অন্য ২ জন ওপারে পৌঁছালেও ইয়াসির মাঝপথে ধীরে ধীরে ডুবে যেতে থাকেন। প্রথমে বিষয়টি মজা মনে হলেও পরে তার সহপাঠীরা দ্রুত উদ্ধারকাজে নামেন।

ইয়াসিরের বন্ধু ইউসুফ বলেন, আমরা একসঙ্গে সাঁতার কাটছিলাম। একপর্যায়ে ইয়াসির মাঝ পুকুরে গিয়ে হঠাৎ শক্তি হারিয়ে ডুবে যায়। প্রায় এক মিনিট পানির নিচে ছিল। আমি চিৎকার করলে আশপাশের শিক্ষার্থীরা এসে দড়ির সাহায্যে তাকে উদ্ধার করে। পরে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাই।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া জানান, ইয়াসিরকে সম্পূর্ণ অচেতন অবস্থায় আনা হয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার শরীর থেকে পানি বের করা হয়। পরে তার জ্ঞান ফিরে আসে। তবে উন্নত চিকিৎসা সরঞ্জামের অভাব এবং শ্বাসকষ্ট থাকায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই একই পুকুর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

মাওয়াজুর রহমান/এমএমবি

বিজ্ঞাপন