পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শহিদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজনকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, কর্মসূচিতে বাইরের অতিথির অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচি ছিল।
ইনকিলাব মঞ্চের দাবি, সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে মৌখিকভাবে কর্মসূচির অনুমতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের দাবি, দোয়া মাহফিল আয়োজনের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, আপত্তি রয়েছে শুধু বাইরের অতিথির উপস্থিতি নিয়ে।
ইনকিলাব মঞ্চের নেতাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে মৌখিকভাবে কর্মসূচি পালনের অনুমতি দিলেও পরে নির্ধারিত সময় ও স্থান অনুযায়ী লিখিত অনুমতিপত্র নিতে গেলে তা আর দেওয়া হয়নি।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহিদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ক্যাম্পাসে প্রবেশ করবেন না—এ শর্তে মৌখিকভাবে কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল।
পোস্টে আরও বলা হয়, যেকোনো মূল্যে কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দোয়া মাহফিল আয়োজন করা হবে এবং সেখানে আব্দুল্লাহ আল জাবের উপস্থিত থাকবেন।
এ বিষয়ে ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মজনু আলম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে মৌখিকভাবে কর্মসূচির অনুমতি দিয়েছিল এবং তারা জানত সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এতে উপস্থিত থাকবেন। এ লক্ষ্যে লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছিল। তবে সময় ও স্থান চূড়ান্ত হওয়ার পর লিখিত অনুমতিপত্র নিতে গেলে প্রশাসন সেটি আর দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ইনকিলাব মঞ্চের উদ্যোগে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের কোনো নিষেধাজ্ঞা নেই। জুলাইয়ে আহত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তারা কর্মসূচি পালন করতে পারেন। তবে কর্মসূচিতে বাইরের কোনো অতিথিকে আমন্ত্রণ জানানো বা অংশগ্রহণের বিষয়ে প্রশাসনের পূর্বানুমতি নেওয়া হয়নি।
তুহিন মোল্লা/এমএমবি
