বিজ্ঞাপন

আন্তর্জাতিক স্পেস রোবটিক্স চ্যালেঞ্জে সেরা ছয়ে গ্রিন ইউনিভার্সিটি

আন্তর্জাতিক স্পেস রোবটিক্স চ্যালেঞ্জে সেরা ছয়ে গ্রিন ইউনিভার্সিটি

আন্তর্জাতিক স্পেস রোবটিক্স প্রতিযোগিতা অ্যানাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের গ্রিন ইউনিভার্সিটি মার্স রোভার টিম। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২০টি ফাইনালিস্ট দলের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশি দলটি। 

একইসঙ্গে প্রতিকূল পরিস্থিতিতে অসাধারণ ধৈর্য, অধ্যবসায় ও দৃঢ়তার স্বীকৃতি হিসেবে তারা আয়োজকদের ‘মোস্ট রেজিলিয়েন্ট টিম’ সম্মাননাও লাভ করেছে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় গত ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্পেস রোবটিক্স প্রতিযোগিতা অ্যানাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৬। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক মঙ্গল রোভার দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার শুরুতে ৪০টিরও বেশি আন্তর্জাতিক দল অংশ নিলেও একাধিক বাছাইপর্ব সফলভাবে অতিক্রম করে গ্রিন ইউনিভার্সিটি মার্স রোভার টিম ফাইনালে জায়গা করে নেয়। পরে চূড়ান্ত পর্বে প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং দলগত পারফরম্যান্সের সমন্বয়ে বিশ্বের সেরা ছয় দলের একটি হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করে তারা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন — আবদুল্লাহ আল মাসুদ, রেজওয়ান ইনতেসার, শাহরিয়া বিন সালাম, বিবেক দত্ত সার্গা, বিশাল দত্ত স্বপ্ন, মো. শাহরিয়ার মাহমুদ এবং ময়নুল হাসান জিশান। এদের মধ্যে ময়নুল হাসান জিশান বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং বাকি পাঁচজনই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী।

তারা জানান, এই সাফল্যের পেছনে ছিল দীর্ঘ কয়েক মাসের নিবিড় প্রস্তুতি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের লক্ষ্য সামনে রেখে দলটি রোভারের নকশা উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন কার্যকারিতা যাচাইয়ে নিরলসভাবে কাজ করেছে। প্রতিটি ধাপে রোভারের কর্মক্ষমতা আরও উন্নত করতে সদস্যরা সমন্বিত প্রচেষ্টা চালিয়েছেন।

এদিকে এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও একটি নতুন মাইলফলক স্পর্শ করে দলটি। প্রথমবারের মতো আন্তর্জাতিক এই মঞ্চে গ্রীন ইউনিভার্সিটি মার্স রোভার টিমের একজন সদস্যও সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ পান।

দলটির এই আন্তর্জাতিক সাফল্যে পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, তার্কিশ এয়ারলাইন্স এবং ওয়ালটন।

আরএইচটি/জেডএস