বিজ্ঞাপন

‘নির্বাচনের পর ক্যাম্পাসে ‘ছাত্রলীগীয় কায়দায়’ রাজনীতি শুরু হয়েছে’

‘নির্বাচনের পর ক্যাম্পাসে ‘ছাত্রলীগীয় কায়দায়’ রাজনীতি শুরু হয়েছে’

জাতীয় নির্বাচনের পরে ক্যাম্পাসগুলোতে নতুন করে ছাত্রলীগীয় কায়দায় রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান : প্রতিরোধ ও ভবিষ্যত পথরেখা শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

আবু বাকের মজুমদার বলেন, কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল সংসদের নেতাদের সাথে ছাত্রদলের ঝামেলা হয়েছে। সম্ভবত ছাত্রদল হামলা করেছে হল সংসদের উপর।​ ছাত্রদল এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ও ডাকসুর এক নেতার ওপরও হামলা করেছে। পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন স্থানেও ছাত্রদলের হামলার ঘটনা ঘটছে বলে দাবি করেন জাতীয় ছাত্রশক্তির এই সাধারণ সম্পাদক।

শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা শহীদদের রক্তের বিনিময়ে নতুন ক্যাম্পাস ও গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। সেই গণতান্ত্রিক পরিবেশ ও মতামত প্রকাশের স্বাধীনতা যাতে ছাত্রদল বা কোনো সন্ত্রাসী ছাত্র সংগঠন নতুন করে বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিস্ট আমলে যে সকল শিক্ষকেরা সুবিধাবাদী ও শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল; ফ্যাসিবাদের দোসর হিসেবে গণতন্ত্র ও সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়িয়েছিল। তারা নানাভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে শিক্ষার্থীদের ও ছাত্রশক্তির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আবারও ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে। তাই একদিকে পুরোনো ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে হবে। অন্যদিকে বর্তমানে ক্ষমতায় থাকা কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

চবি শাখা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মো. ইসমাইলের সঞ্চালনায় ও শাখা ছাত্রশক্তির সভাপতি আব্দুল্লাহ আল মাহাথিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, এনসিপির যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান, জাতীয় ছাত্রশক্তির সাংগাঠনিক সম্পাদক মহির আলম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।

এসএইচএ