বিজ্ঞাপন

ঢাকা পোস্ট পরিদর্শনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঢাকা পোস্ট পরিদর্শনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে ঢাকা পোস্ট কার্যালয় পরিদর্শন করেছেন। রোববার (৩ আগস্ট) বিভাগের নিউজ এডিটিং অ্যান্ড ফ্যাক্ট-চেকিং কোর্সের অংশ হিসেবে প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী এ শিক্ষা সফরে অংশ নেন।

শিক্ষার্থীদের স্বাগত জানান ঢাকা পোস্টের কর্মকর্তারা। পরে তাদেরকে প্রতিষ্ঠানটির নিউজরুম, ডিজিটাল ডেস্ক, মাল্টিমিডিয়া বিভাগ, ভিডিও ডেস্ক এবং অন্যান্য কার্যক্রম ঘুরিয়ে দেখানো হয়। এ সময় সংবাদ পরিকল্পনা, তথ্য সংগ্রহ, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), সংবাদ সম্পাদনা, শিরোনাম তৈরি, প্রকাশ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের পুরো প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

নিউজ এডিটিং অ্যান্ড ফ্যাক্ট-চেকিং বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান, যুগ্ম বার্তা সম্পাদক নাঈম ফেরদৌস রিতম ও শামীম হোসেন মজুমদার, ক্রীড়া সম্পাদক মো. ফখরুল ইসলাম, গবেষণা ও সম্পাদকীয় প্রধান বিনয় দত্ত এবং সহকারী বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত কান্ট্রি এডিটর) রুহুল আমিন রয়েল।

আলোচনায় বক্তারা সংবাদ সম্পাদনার বিভিন্ন ধাপ, তথ্য যাচাইয়ের কৌশল, ভুয়া তথ্য শনাক্ত করার উপায়, ডিজিটাল নিউজরুমের কার্যপ্রবাহ এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি একজন দক্ষ সাংবাদিক ও সম্পাদক হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা, নৈতিকতা, ভাষার ব্যবহার, সংবাদ উপস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গণমাধ্যমের নানা দিক নিয়েও আলোচনা করেন তারা। শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং বক্তারা বাস্তব অভিজ্ঞতার আলোকে সেগুলোর উত্তর দেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম বলেন, সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। দ্রুততার এই যুগে সবার আগে নয়, সঠিক সংবাদ প্রকাশ করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কাজকে আরও গতিশীল করছে, তবে সত্য যাচাই, মানবিক মূল্যবোধ এবং পেশাগত নৈতিকতার বিকল্প নেই। তাই ভবিষ্যতের সাংবাদিকদের প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সত্য ও জনস্বার্থের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান গণমাধ্যমে পরিবর্তন খুব দ্রুত হচ্ছে। তাই শুধু শ্রেণিকক্ষের পাঠ নয়, বাস্তব নিউজরুমের অভিজ্ঞতাও একজন শিক্ষার্থীর জন্য সমান গুরুত্বপূর্ণ। শেখার আগ্রহ, কৌতূহল এবং নিয়মিত চর্চাই একজন ভালো সাংবাদিক তৈরি করে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল কাবিল খান জামিল বলেন, শ্রেণিকক্ষে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব নিউজরুমের অভিজ্ঞতা অর্জন সাংবাদিকতা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। সে লক্ষ্যেই আমরা নিয়মিত শিক্ষার্থীদের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে শিক্ষা সফরের আয়োজন করি। এতে তারা সংবাদ সংগ্রহ, সম্পাদনা, তথ্য যাচাই এবং ডিজিটাল নিউজরুমের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পায়। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পেশাজীবনে আত্মবিশ্বাসী ও দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও সংবাদমাধ্যমের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে। যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মূল্যবান।

সফর শেষে শিক্ষার্থীরা ঢাকা পোস্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং সংবাদ প্রকাশের পুরো প্রক্রিয়া কাছ থেকে দেখার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে ঢাকা পোস্টের পক্ষ থেকেও ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষা সফর, কর্মশালা ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন