বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজে পোস্টারিং

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজে পোস্টারিং

বিএনপির বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করেছে শাখা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়। পরে কলেজ প্রশাসন পোস্টারগুলো অপসারণ করে।

পোস্টারগুলোতে ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা’ শিরোনামে বিভিন্ন বক্তব্য লেখা ছিল। দুপুরের মধ্যে কলেজ প্রশাসনের উদ্যোগে পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়।

পোস্টারিংয়ে নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (পদ স্থগিত) শেখ পারভেজ মোশাররফ। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সমাজে বিভাজন ও ঘৃণা ছড়াচ্ছে। এ কারণেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করে পোস্টারিং করা হয়েছে। এ ধরনের বক্তব্য রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শেখ পারভেজ আরও বলেন, বর্তমানে নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান মূলত বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো ও দলটির বিরোধিতার মধ্যেই সীমাবদ্ধ। একটি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিজস্ব আদর্শ, লক্ষ্য ও কর্মপরিকল্পনা থাকা উচিত। নাসীরুদ্দীন পাটওয়ারী সুস্থ ধারার রাজনীতি করলে আমাদের কোনো আপত্তি নেই। তবে তিনি যদি ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালিয়ে যান, তাহলে জনগণই তার জবাব দেবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা কলেজে এলে কোনো কর্মসূচি দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নেবে, সেটিকে আমরা স্বাগত জানাবো। তবে আমাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি বা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই। সামাজিক শৃঙ্খলা বজায় রেখেই সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

অন্যদিকে এমন কার্যক্রমের নিন্দা জানিয়ে জাতীয় ছাত্রশক্তি ঢাকা কলেজ শাখার সদস্যসচিব সজিব উদ্দিন বলেন, যারা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে আপত্তি তুলছেন, তারা প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতির সঙ্গে পরিচিত নয়। তারা ‘গুপ্ত আওয়ামী লীগ’।

তিনি আরও বলেন, ঢাকা কলেজ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এখানে কাউকে অবাঞ্ছিত ঘোষণা করার সুযোগ নেই। নাসীরুদ্দীন পাটওয়ারী যাতে চাঁদাবাজির তথ্য প্রকাশ করতে না পারেন, সেই আশঙ্কা থেকেই এ ধরনের পোস্টারিং করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমি নিজে কোনো পোস্টার দেখিনি। তবে দুই-একটি স্থানে পোস্টার লাগানো হয়েছিল বলে জেনেছেন। পরে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। 

তিনি আরও বলেন, কোনোভাবেই ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ অশান্ত হোক, তা কলেজ প্রশাসন চায় না।

উল্লেখ্য, গত ২৮ জুলাই গণ-অভ্যুত্থানের সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে ‘জুলাই মার্চ’ কর্মসূচি পালন করে এনসিপি। ওই কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে একাধিক দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, হামলায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন।

এসওএইট/এসএম