বিজ্ঞাপন

গবেষণায় অনিয়মের অভিযোগ তদন্তে জাবিতে কমিটি গঠন

গবেষণায় অনিয়মের অভিযোগ তদন্তে জাবিতে কমিটি গঠন

​বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন গবেষকের প্রকাশিত গবেষণাপত্রে অনিয়মের অভিযোগ এবং সেসব প্রবন্ধ প্রত্যাহারের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গবেষণায় অনিয়ম, জালিয়াতি ও চৌর্যবৃত্তি নিয়ে ঢাকা পোস্টে সংবাদ প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন এ উদ্যোগ নেয়।

সোমবার (​৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবিরকে সভাপতি এবং সাধারণ প্রশাসন শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. মাহতাব-উজ-জাহিদকে সদস্য-সচিব করা হয়েছে। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন—কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ।

তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, রিট্রাকশন ওয়াচের ডাটাবেজ অনুযায়ী জাবির ১৮ জন শিক্ষক ও ৪ জন শিক্ষার্থীসহ মোট ২২ জনের গবেষণায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

এএমকে