ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের সঙ্গে জাপানের শিক্ষার্থী স্বেচ্ছাসেবক সংগঠন ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইভিইউএসএ)-এর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে তারা উক্ত ক্যাম্পেইনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সোমবার (৩ আগস্ট) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির উপ-পরিচালক মি. জুম্পেই তানিগুচি। অন্য সদস্য ছিলেন জাপানের রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি মি. কোয়ো তোকুরিকি।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল এবং ড. মো. মনির উদ্দিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আগামী ১ থেকে ৮ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত ‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন’ পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও তারা প্রকাশ করেন।
এ ছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, সেমিনার, সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং ‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন’ বাস্তবায়নে আগ্রহ প্রকাশের জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। তিনি এ কর্মসূচি বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
জেআই
