জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আহত শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। তাদের সাহস, আত্মত্যাগ ও দেশের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বীর যোদ্ধাদের সম্মাননা প্রদান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, এজিএস মহিউদ্দিন খান, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও আফসানা আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের সবার দায়িত্ব। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের চেতনা সংরক্ষণ করতে হবে এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে হবে।
এমএল/এসএএস
