রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থী ও সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট ২০২৬ তারিখ থেকে ক্যাম্পাসে অতিথি-দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বেরোবি প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রিপন শাহরিয়ার/এমএমবি
