রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নতুন করে সংঘর্ষের আশঙ্কায় রংপুর মহানগর পুলিশের তাজহাট থানাকে ১৪৪ ধারা জারির অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত ৩ আগস্ট ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত গুরুতর পাঁচজনসহ আরও অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ অবস্থায় সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে। এতে উভয়পক্ষ মুখোমুখি হলে ক্যাম্পাসে আবারও সংঘর্ষ এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়।
এ কারণে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারিসহ সার্বিক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চিঠির শেষাংশে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাজহাট থানা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রিপন শাহরিয়ার/আরকে
