ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট ড. চেন ঝিমিনের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
প্রতিনিধিদলে ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিং ঝাং, ইন ঝিগুয়াং ও ঝেং ইউ উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এআই গভর্ন্যান্স বিষয়ক অ্যাকাডেমিক কার্যক্রম জোরদার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফুদান বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো পাঠানো, যৌথ গবেষণা ও প্রকাশনা এবং শিক্ষক-গবেষক-শিক্ষার্থী বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।
গবেষণার মানোন্নয়নে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জ্ঞান ও গবেষণালব্ধ তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে উভয়পক্ষ নীতিগত ঐকমত্যে পৌঁছায়।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম ফুদান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাকাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
তিনি ফুদান বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের সুযোগ বৃদ্ধি এবং আরও যৌথ কর্মসূচি গ্রহণে সহযোগিতা কামনা করেন।
এমএল/এমএন
