রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জেরে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে উভয় সংগঠন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর ৫ জনসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
এই ঘটনার জের ধরে মঙ্গলবার (৪ আগস্ট) পৃথক কর্মসূচির ঘোষণা দেয় দুই সংগঠন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা বিকেল সাড়ে ৫ টায় লালবাগ চত্বর থেকে আবু সাঈদ চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, রংপুর মহানগর ছাত্রদল বিকেল ৪টায় আবু সাঈদ চত্বর পার্ক মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। সংগঠনটির সদস্য সচিব রবিউল ইসলাম রবি মহানগরের সব ইউনিটের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
একই এলাকায় দুই সংগঠনের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদ আবু সাঈদ চত্বর এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, ছাত্রদল ও ছাত্রশিবির একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ১৪৪ ধারা জারির উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই রাশেদ বলেন, ১৪৪ ধারা জারির জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রিপন শাহরিয়ার/এমএমবি
