ঢাকা কলেজে জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির প্রস্তুতিকালে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ছাত্রশিবিরের এক নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত আব্দুল মালেক ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এর আগে দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কলেজের গ্যালারি–২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এ কর্মসূচির জন্য অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন নেতা–কর্মী সাজসজ্জার কাজ করছিলেন। এ সময় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে তিনি অভিযোগ করেন।
মোহাম্মদ মামুনের দাবি, হামলায় আব্দুল মালেকের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এদিকে ঘটনার পর ঢাকা কলেজের মূল ফটক ও নায়েমের গলিতে লাঠিসোঁটা নিয়ে কয়েকশ ছাত্রদল নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
ঘটনার বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুবের মোবাইল ফোনে দুই দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আরএইচটি/এসএম
