বিজ্ঞাপন

ভূতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং : ঢাবিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবি

ভূতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং : ঢাবিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবি

ভূতুড়ে বিদ্যুৎ বিল, ঘন ঘন লোডশেডিং, গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’। এ সময় বিদ্যুৎ খাতের অনিয়মের তদন্ত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ চার দফা দাবি জানানো হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’-এর সংগঠক রিয়াজুল ইসলাম জুবাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিয়াজুল ইসলাম জুবা বলেন, দেশের বিভিন্ন স্থানে পোস্টপেইড ও প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবহারকারীদের কাছ থেকে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আদায়ের অসংখ্য অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে নিয়মিত মিটার রিডিং নেওয়া হচ্ছে না, আবার কোথাও অনুমাননির্ভর বিল করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রিপেইড মিটার ব্যবহারকারীদের অনেকে রিচার্জের পর স্বাভাবিকের তুলনায় দ্রুত টাকা কেটে যাওয়ার অভিযোগ করছেন। বিভিন্ন জেলার একাধিক ঘটনার উল্লেখ করে তিনি বিদ্যুৎ খাতে বিদ্যমান অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের লোডশেডিং বিশেষ করে গ্রামীণ অঞ্চলের কৃষি, সেচ ও ক্ষুদ্র ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে। তাই দেশের সব অঞ্চলে বৈষম্যহীন ও সুষম বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

গ্যাস সংকট এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। বক্তারা দাবি করেন, জ্বালানি সরবরাহে অনিয়ম ও কৃত্রিম সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে একদিকে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ভোক্তাদেরও অতিরিক্ত দামে পণ্য কিনতে হচ্ছে। এ পরিস্থিতির জন্য বাজারে সক্রিয় সিন্ডিকেট ও মজুতদারদের দায়ী করে তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সংগঠনটির পক্ষ থেকে বিদ্যুৎ মিটারে কারচুপি ও অতিরিক্ত বিল আদায় বন্ধ করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ বা বিল সমন্বয়ের ব্যবস্থা করা, দেশের সব অঞ্চলে সুষম ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাজার সিন্ডিকেট, মজুতদার ও কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং গ্যাস, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী সাদিক মুনওয়ার মুনেম, রিজওয়ান যুবরান মানসুরি ও মারুফ সরকার বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্যের সংকটে সাধারণ মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর, টেকসই ও জনমুখী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

এমএল/এসএএস