বিজ্ঞাপন

জবির সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্যের জরুরি বৈঠক

জবির সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্যের জরুরি বৈঠক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাস–সংক্রান্ত তিন দফা দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে জকসু, ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্রফ্রন্ট ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে শাখা ছাত্রদলের সংঘর্ষে উদ্ভূত পরিস্থিতি পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে জরুরি বৈঠকে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড রইছ উদ্দিন।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপাচার্যের কার্যালয়ে এই জরুরি বৈঠক আহ্বান করা হয়।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ডক্টর রইছ উদ্দিন বলেন, সার্বিক পরিস্থিতির বিষয়ে প্রশাসনের কী করণীয় সেই বিষয়ে জরুরি বৈঠক করা হয়েছে। এখানে আমাদের পরবর্তী করণীয় কী হবে, পদক্ষেপ কী হবে— সেই বিষয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার দুপুরে জবির দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে শিবির-ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের উন্নয়নের তিন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে জকসু, ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্রফ্রন্ট ও ইনকিলাব মঞ্চের সঙ্গে শাখা ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষ ক্যাম্পাস থেকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত গড়িয়েছে। হামলার জন্য একে অন্যকে দায়ী করেছে উভয় পক্ষ।

এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের বেশি চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মকবুল হোসেন।

এমএল/এসএএস