বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি কর্মসূচিতে বহিরাগত অংশগ্রহণের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে সংঘর্ষের ঘটনায় আহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বৈরাচারবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্রশিবির 'অদম্য জুলাই' শীর্ষক একটি র্যালি বের করে। র্যালিতে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা এতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু বলেন, জুলাইয়ের কর্মসূচিতে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দিয়েছেন। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা সেটি পণ্ড করার চেষ্টা করে হামলা চালিয়েছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, জুলাইয়ের কর্মসূচিতে শিবির বহিরাগতদের নিয়ে শোডাউন দিচ্ছিল। আমরা এর প্রতিবাদ করলে শিবিরই প্রথম আমাদের ওপর হামলা চালায়। জুলাই আন্দোলনের পর এ ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না। এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বেলাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
আরিফ হোসেন/এসএইচএ
