বিজ্ঞাপন

আমাদের ভেতরের বিভেদ দেখেই ফ্যাসিবাদীরা মুচকি হাসছে : রাবি উপাচার্য

আমাদের ভেতরের বিভেদ দেখেই ফ্যাসিবাদীরা মুচকি হাসছে : রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, আমাদের ভেতরের বিভেদ দেখেই ফ্যাসিবাদীরা মুচকি হাসছে। তাই জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিকদের এমন কোনো কাজ করা উচিত নয়, যা বিভাজন সৃষ্টি করে বা জুলাইয়ের চেতনাকে দুর্বল করে।

বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেন সংঘটিত হয়েছিল এবং কেন তা অনিবার্য হয়ে উঠেছিল, তা আমাদের বারবার স্মরণ করতে হবে। সেই অনিবার্যতার বিস্ফোরণ থেকে যে অর্জন এসেছে, তা কাজে লাগিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। এটি শুধু তরুণদের নয়, বরং জুলাইয়ের প্রতিটি যোদ্ধা, আন্দোলনের প্রতিটি অংশগ্রহণকারী এবং দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের প্রত্যয়।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তার পুনরুত্থানের সুযোগ যেন আমরা সৃষ্টি না করি। আমাদের মধ্যে বিভেদ তৈরি হলেই ফ্যাসিবাদীরা মুচকি হাসে। তাই ঐক্যবদ্ধ থেকে জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে।

রাবি উপাচার্য বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের ত্যাগ যেন কখনও বৃথা না যায়। আজ আহত জুলাই যোদ্ধাদের বক্তব্যে যে প্রত্যাশা ও উৎকণ্ঠা ফুটে উঠেছে, তা আমাদের সবার উপলব্ধি করা উচিত। ঐক্য, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা বাস্তবায়ন সম্ভব।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

জুবায়ের জিসান/এসএইচএ