বিজ্ঞাপন

হাসিনাকে ফেরাতে তৎপরতার অভিযোগ

জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ও রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ শিক্ষকের বিরুদ্ধে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার( ৬ আগস্ট) বিকেলে রেজিস্টার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি 'এশিয়া পোস্ট' পত্রিকায় প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার প্রতিবেদন সম্পর্কে তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।'

কমিটির আহ্বায়ক হলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদ ও সদস্য সচিব রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার জনাব মোহা. আব্দুল মালেক।

কমিটির অন্যান্য সদস্য হলেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. মেজবাহ-উল-আজম সওদাগর।

তদন্ত কমিটির কার্যপরিধি সম্পর্কে অফিস আদেশে বলা হয়, আগামী ১৩ আগস্ট ২০২৬-এর মধ্যে কমিটিকে অভিযোগ তদন্ত করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত শিক্ষক থাকলে তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রদান করতে হবে। প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ বিগত সরকারের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং আন্দোলনকারীদের হুমকি প্রদানে জড়িত ছিলেন কিনা, তা তদন্ত করে সত্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে রিপোর্ট দিবে তার পরিপ্রেক্ষিতে কার্যক্রম ঠিক করা হবে। তদন্ত রিপোর্টের সাপেক্ষে আমরা ব্যবস্থা নিবো।’

বিআরইউ