বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী টুকু

প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে

প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে

প্রতিটি বিভাগে একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘একসময় ভেটেরিনারিয়ানদের মানুষ এত গুরুত্ব দিত না। তবে এখন এ খাতের পরিধি বেড়েছে। প্রধানমন্ত্রী এই সেক্টরে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। এ খাতের আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। আমরা প্রতিটি বিভাগে একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার চিন্তা করছি।’

শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাণিসম্পদে যত গবেষণা হবে, এই সেক্টর তত উন্নত হবে। খাদ্যের নিরাপত্তা দিতে চাইলে পশুটি সঠিক, রোগ মুক্ত ও খাওয়ার উপযোগী কিনা সেটির নিশ্চিত করতে হবে। এখন মানুষ খাদ্য নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষ সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। 

ভেটেরিনারিয়ানদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমি ইতোমধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রীকে অবহিত করে ভেটেরিনারিয়ানদের চাকরির সুব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া ফিশারিজ সেক্টরেও প্রায় ৫০০টি পদের অনুমোদন হয়েছে।

অনুষ্ঠানে বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহার সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম খসরুজ্জামান। এছাড়া সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুব আলম, সচিব অধ্যাপক ড. তাহসিন ফারজানা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বেসকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

সম্মেলনে ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. এম. ময়নুদ্দিনকে বার্ষিক লেকচার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়। 

জানা যায়, ‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্যকে সামনে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে মূল দুইদিন (৮ ও ৯ আগস্ট) মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপিত হবে, যার মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা। এবারের সম্মেলনে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৬০০ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আয়োজকেরা জানান, ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার ফলাফলকে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্যের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনে ভেটেরিনারি শিক্ষা, প্রাণিস্বাস্থ্য, প্রাণিসম্পদ উৎপাদন, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ও বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। 

মুসাদ্দিকুল ইসলাম তানভীর/এমএমবি