বিজ্ঞাপন

বর্ণাঢ্য আয়োজনে উত্তরা ইউনিভার্সিটিতে শেষ হলো ‘ভিসি স্পোর্টস উইক ২০২৬’

বর্ণাঢ্য আয়োজনে উত্তরা ইউনিভার্সিটিতে শেষ হলো ‘ভিসি স্পোর্টস উইক ২০২৬’

অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে সমাপ্ত হলো সপ্তাহব্যাপী সর্ববৃহৎ আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ‘ভিসি স্পোর্টস উইক ২০২৬’।

সম্প্রতি বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

শিক্ষার্থীদের নেতৃত্ব, সততা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এবারের টুর্নামেন্টটি তার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর অধীনে স্পোর্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৭ জুলাই টুর্নামেন্টটি শুরু হয়। এতে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, ক্যারম ও টেবিল টেনিস— এই ছয়টি ইভেন্টে বিভিন্ন বিভাগের ৫৪০ জন ছাত্র-ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী, বিজিত দল ও সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি, পদক ও সনদপত্র তুলে দেন ট্রাস্টি বোর্ডের সদস্য, ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, খেলাধুলা কেবল মাঠের জয়-পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ক্রীড়াসুলভ মনোভাবই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

পুরস্কার বিতরণী পর্ব শেষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি মঞ্চ মাতায় জনপ্রিয় মিউজিক ব্যান্ড ‘এনকোর’ এবং ‘ইডেনস গার্ডেন’। ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সহ-শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

জেআই

বিজ্ঞাপন