বিজ্ঞাপন

মিরপুরের ডক্টর শহীদুল্লাহ স্কুল ও কলেজে খেলাঘরের বৃক্ষরোপণ

মিরপুরের ডক্টর শহীদুল্লাহ স্কুল ও কলেজে খেলাঘরের বৃক্ষরোপণ

সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীর মিরপুরের পল্লবী ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ স্কুল ও কলেজে বৃক্ষরোপণ করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। সোমবার (১০ আগস্ট) শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আম, জাম, কাঁঠালসহ নানাবিধ ফলজ, ঔষধি ও বনজ গাছ রোপণ করে ছাত্র-ছাত্রী ও পল্লবীর ভাবুক খেলাঘর আসরের ভাই-বোনেরা।  

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বিদ্যাপীঠের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান জুয়েল বলেন, ‘শিশুকাল থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ পরিচর্যার অভ্যাস গড়ে তোলা জরুরি। খেলাঘরের এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে।’ 

সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাঘর আসরের ধারাবাহিক পরিবেশ বিষয়ক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজনে অংশ নেন স্কুল ও কলেজটির সহকারী অধ্যাপক মো. আজাদুর রহমান, সহকারী অধ্যাপক মধুসূদন বাগচী ও সহকারী প্রধান শিক্ষক মনিরা লাইজু, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য ড. শাহাদাত হোসেন নিপু, সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য অশোকেশ রায় ও ভাবুক খেলাঘর আসরের সভাপতি লাকি আকতার।

পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য বিশ্ব তৈরিতে দেশজুড়ে এই বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসএএস