ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে কক্ষে বসে ছবি আঁকাকে কেন্দ্র করে চারুকলা অনুষদের এক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া, ছাত্রত্ব বাতিল ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে আহনাফ আহমেদ রাফি নামে হল ছাত্রদল নেতার বিরুদ্ধে।
সোমবার (১০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ৯০১০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী আমির হামজা রিফাত।
অভিযুক্ত আহনাফ আহমেদ রাফি বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হল সংসদের ৩ নম্বর কার্যনির্বাহী সদস্য।
ভুক্তভোগী রিফাত অভিযোগ করেন, সন্ধ্যার পর নিজ বিছানায় বসে ছবি আঁকার সময় তার রুমমেট আহনাফ আহমেদ রাফি এসে তাকে বলেন, রুম ছবি আঁকার জায়গা না, এখানে ছবি আঁকা যাবে না।
ছবি না আঁকার কারণ জানতে চাইলে রাফি নিজেকে হল সংসদের সদস্য পরিচয় দিয়ে বলেন, এটি আমার আদেশ এবং কাজ বন্ধ করতে হবে।
রিফাত আরও দাবি করেন, তাকে একাধিকবার হল থেকে বের হয়ে যেতেও বলা হয়েছে এবং বেশি বাড়াবাড়ি করলে ছাত্রত্ব বাতিল করে দেওয়া ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।
ঘটনার পর তিনি হল সংসদ ও প্রভোস্টকে বিষয়টি অবহিত করেছেন বলে জানান।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট হাউস টিউটরের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, ছবি আঁকতে নিষেধ করার কোনো নির্দেশনা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি।
এ বিষয়ে ছাত্রদল নেতা আহনাফ আহমেদ রাফি অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো কথা আমি বলিনি।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স. ম. আলী রেজা বলেন, বিষয়টি আমি জানি। হাউস টিউটরকে বলেছি এবং আশা করছি আগামীকালই এর সমাধান হয়ে যাবে।
তিনি বলেন, দুজন শিক্ষার্থীর সঙ্গেই আমার কথা হয়েছে। এটি মূলত রুমমেটদের মধ্যে ভুল বোঝাবুঝির একটি ঘটনা। চারুকলার শিক্ষার্থীদের কাজের ধরন অন্যদের চেয়ে আলাদা হওয়ায় অনেক সময় সহপাঠীরা তা বুঝতে পারে না। প্রয়োজন হলে কক্ষ পরিবর্তনের মাধ্যমে বিষয়টির সমাধান করা যেতে পারে।
/এমএসএ
