বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ডাকসু ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুহাইল মাহদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজসহ ডাকসু ও হল সংসদের বিভিন্ন সম্পাদক, সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার কবিতা বিভাগে প্রথম স্থান অর্জন করেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আল শাহরিয়ার। দ্বিতীয় হন কবি জসিম উদ্দীন হলের ইয়াদুল ইসলাম এবং তৃতীয় হন শামসুন নাহার হলের ফারিহা খানম কলি।
সংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী সাজিন শাহারিয়ার সাদিফ। দ্বিতীয় হন ফজিলাতুন্নেছা হলের অর্পিতা দে এবং তৃতীয় হন একই হলের শিক্ষার্থী সুস্মিত সাইফ আহমেদ। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক। তার সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সৃজনশীলতা বিস্তৃত করতেই ডাকসুর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন শুধু অ্যাকাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়েও নিজেদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে, সে লক্ষ্যেই ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান থাকবে।
আরএফ
