বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরাপদ, পরিচ্ছন্ন ও জ্ঞানচর্চার উপযোগী ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। কর্মসূচি শেষে টিএসসির সড়কদ্বীপে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। বৈরী আবহাওয়ার কারণে শোভাযাত্রাটি ভিসি চত্বর ও রাজু ভাস্কর্য প্রদক্ষিণ শেষে টিএসসির সড়কদ্বীপে গিয়ে শেষ হয়।
কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণ, শক্তি ও পানি সাশ্রয় এবং সামাজিক শৃঙ্খলা ও সৌহার্দ্য রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, নিরাপদ, পরিচ্ছন্ন এবং জ্ঞানচর্চার উপযোগী ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার থেকেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মূল্যবোধ, গণতন্ত্র, জ্ঞান ও মুক্তবুদ্ধির চর্চার পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রাণ-প্রকৃতি ও ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন টিম ওয়ার্ক পরিচালনা করা হয়েছে। ক্যাম্পাসসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতার জন্য প্লাস্টিক বর্জ্য ও যত্রতত্র ময়লা ফেলার প্রবণতাকে দায়ী করে তিনি বলেন, ব্যবহৃত প্লাস্টিকের কাপ, চিপসের প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য যেখানে-সেখানে ফেলে দেওয়ার কারণে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
প্রিন্স বলেন, আমাদের নিজেদের ক্যাম্পাস আমরা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব। একই সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে একটি সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ক্যাম্পাস থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আনন্দময়, উৎপাদনমুখী, কর্মমুখী ও জীবনমুখী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেআই
