বিজ্ঞাপন

বৃত্তি পেলেন আরও ১১ জন

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পেলেন ঢাবির সংগীত বিভাগের দুই শিক্ষার্থী

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পেলেন ঢাবির সংগীত বিভাগের দুই শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দুই শিক্ষার্থী বি.এ. সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পেয়েছেন। একই সঙ্গে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের আরও ১১ জন শিক্ষার্থী ফিরোজা বেগম স্মৃতি বৃত্তি লাভ করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের স্পেশাল কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পেয়েছেন সংগীত বিভাগের শিক্ষার্থী নূরেজান্নাত আফরিসও অর্পিতা দে। আর ফিরোজা বেগম স্মৃতি বৃত্তি পেয়েছেন রুশদা জাহান রুহি, অতসী দে, পুষ্পিতা রায় পুষ্প, ভাগ্যশ্রী চক্রবর্তী, মায়শা ফারজানা ঐশী, দীপ দাশ, শেখ জেরিন শবনম, রাতুল দে দীপ্ত, পূর্বাশা মণ্ডল, অর্পিতা সিকদার ও মায়েশা সুলতানা উর্বি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। এ সময় সুরের ধ্রুবতারা: সুর সম্রাজ্ঞী ফিরোজা বেগম শীর্ষক স্মারক বক্তৃতা দেন দি ডেইলি স্টার এর চিফ কালচার ইনিশিয়েটিভস ও জেমস অব নজরুল এর প্রতিষ্ঠাতা সভাপতি সাদিয়া আফরিন মল্লিক। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের বৃত্তি ও স্বর্ণপদক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের সংগীত জগতের উন্নয়ন ও বিকাশে ফিরোজা বেগম অসামান্য অবদান রেখে গেছেন। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

স্বর্ণপদকপ্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, শিল্পী ফিরোজা বেগমের গুণাবলি, মানবিকতা ও মূল্যবোধ ধারণ করে শিক্ষার্থীদের একটি আলোকিত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিআরইউ