বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়ার উদ্যোগের সমালোচনা করে ডাকসু পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেছেন, দেশের গ্রামগঞ্জে বিএনপির যে নেতা-কর্মীরা আছেন, তাদের সবার খাওয়াদাওয়ার পথ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের জমায়েত ও ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ডাকসুর সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসিফ আব্দুল্লাহ বলেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার একে একে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করার চেষ্টা করছে। সব জেলায় তারা দলীয় প্রশাসক নিয়োগ করেছে। সিটি করপোরেশনগুলোতেও দলীয় প্রশাসক নিয়োগ করেছে। এরপর আমরা দেখলাম রাষ্ট্রীয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শীর্ষ পদে দলীয় লোক নিয়োগ করে তাদের খাওয়াদাওয়ার পথ উন্মুক্ত করে দিচ্ছে।
শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা বাড়ানোর উদ্যোগের সমালোচনা করে ডাকসুর এই নেতা বলেন, তারা সব প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির হাতে সুপ্রিম পাওয়ার দেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের পথ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।
এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। আসিফ আব্দুল্লাহ বলেন, একজন অযোগ্য শিক্ষক যদি নিয়োগ পান, তাহলে একজন যোগ্য প্রার্থী তার অধিকার থেকে বঞ্চিত হন। একই সঙ্গে যেসব শিক্ষার্থী তার কাছে পড়বে, তাদের ভবিষ্যৎ নষ্ট করার একটি চক্রান্তও হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কফিনে আবার শেষ পেরেক মারার চেষ্টা চলছে।
বক্তব্যে অতীতের রাজনৈতিক সরকারের নিয়োগপ্রক্রিয়ারও সমালোচনা করেন তিনি। তার দাবি, এর আগে বিএনপি সরকারের সময় বিসিএস নিয়োগের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছিল।
আসিফ আব্দুল্লাহ বলেন, নতুন করে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে তারা দলীয় নেতা-কর্মীদের ক্ষমতায়ন করে ম্যানেজিং কমিটিতে বসিয়ে স্বজনপ্রীতির সুযোগ দিচ্ছে, আর্থিক লেনদেনের সুযোগ দিচ্ছে এবং অবৈধ ক্ষমতা প্রয়োগের সুযোগ করে দিচ্ছে।
তিনি বলেন, যেভাবে শেখ হাসিনা সরকার বিসিএসের কোটাকে নিয়ে আসার কারণে সারা বাংলাদেশের তরুণ সমাজকে বঞ্চিত করার চেষ্টা করেছিল, তারা এই বাংলাদেশে টিকে থাকতে পারেনি।
বিএনপি সরকারের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে ডাকসুর পরিবহন সম্পাদক বলেন, আপনারাও যদি একই চেষ্টা করেন, আপনারাও যদি এই তরুণ সমাজকে বঞ্চিত করতে চান, যোগ্য প্রার্থীকে বঞ্চিত করতে চান, তাহলে অতীতের শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পরিণতি আপনারা যদি ভুলে যান, এই দেশপ্রেমিক জনতা কিন্তু ভুলে যায়নি।
বিআরইউ
