জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর নিযুক্ত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান। অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায়, সাবেক প্রক্টরের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অধ্যাপক ড. মো. আজম খানকে নতুন প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।
এতে আরও উল্লেখ করা হয়, ১২ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী মোটরযান ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধাদি ভোগ করবেন।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা অফিস আদেশটি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।
নতুন প্রক্টর হওয়ার বিষয়ে অধ্যাপক আজম খান বলেন, আমাকে এক প্রকার জোর করে এই পদে দেওয়া হয়েছে। বর্তমান প্রক্টর অসুস্থ থাকায় আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রক্টর হিসেবে বেশিদিন থাকবো না। এখানে অনেক দায়িত্ব, যা আমার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব হবে না।
এসএএস
