ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণে সহায়তার লক্ষ্যে ফজলুল হক স্টুডেন্ট ফিল্ম প্রোডাকশন সাপোর্ট ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এ ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট প্রোডাকশন নির্মাণের জন্য এককালীন বৃত্তি দেওয়া হবে।
আজ (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য অনুদানের একটি চেক হস্তান্তর করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। প্রয়াত পিতা চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সাংবাদিক ফজলুল হকের স্মৃতি রক্ষার্থে তিনি এ অনুদান দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম, চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুদ, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক রেজানুর রহমান, মীর মাসরুর জামান ও আবদুল্লাহ জেয়াদসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ট্রাস্ট ফান্ডের অর্থ থেকে প্রতিবছর নির্বাচিত কয়েকজন শিক্ষার্থী তাদের গ্র্যাজুয়েট প্রোডাকশন নির্মাণের জন্য আর্থিক সহায়তা পাবেন। ফলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উল্লেখ্য যে, প্রয়াত ফজলুল হক ছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও খ্যাতিমান সাংবাদিক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা লিখতেন। ১৯৯০ সালে ৬০ বছর বয়সে তিনি মারা যান। তার স্ত্রী রাবেয়া খাতুনও ছিলেন খ্যাতিমান সাহিত্যিক। তাদের চার সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতা পরিবারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ট্রাস্ট ফান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাই ও চলচ্চিত্র-গণমাধ্যমশিল্পের সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন উপাচার্য। শিক্ষা ও গবেষণার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এনএফ
