গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, বেসরকারিকরণের প্রতিবাদ এবং ওষুধের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার মশাল মিছিল শীর্ষক এ কর্মসূচি থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, জাতীয় জ্বালানি সম্পদ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা বেসরকারিকরণের মাধ্যমে করপোরেট গোষ্ঠীর হাতে হস্তান্তর না করা, অবিলম্বে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অত্যাবশ্যকীয় ওষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণ কার্যকর রাখা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক রাফিকুজ্জামান ফরিদ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতা অরুণাভ আশরাফ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত কর্মসূচির প্রতি সংহতি জানান।
সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও জনসেবা ক্রমশ মুনাফাখোর বেসরকারি পুঁজির নিয়ন্ত্রণে চলে যাবে। জ্বালানি, বিদ্যুৎ, রেল ওষুধের মতো জনজীবনের অপরিহার্য খাতকে মুনাফার পণ্যে পরিণত করলে সাধারণ মানুষের ব্যয় বাড়বে এবং কর্মসংস্থানও হুমকির মুখে পড়বে। অতীতের বেসরকারিকরণের অভিজ্ঞতা দেখিয়েছে, জনগণের সম্পদ বেসরকারি মালিকানায় তুলে দেওয়ার মধ্য দিয়ে বৃহৎ পুঁজিপতি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে। বেসরকারিকরণ নীতির প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।
এজেডআর/এনটি
