বিজ্ঞাপন

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল উইক, থাকছে ফ্যাশন শো ও জব ফেয়ার

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল উইক, থাকছে ফ্যাশন শো ও জব ফেয়ার

টেক্সটাইল ও পোশাক খাতের শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক এবং শিল্প বিশেষজ্ঞদের এক ছাদের নিচে নিয়ে আসতে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (অস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বড় জাতীয় টেক্সটাইল উৎসব ‘এএটিসিসি টেক্সটাইল উইক ২০২৬ – টেক্সাথন’।

ইভেন্টটি আয়োজন করছে আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কেমিস্টস অ্যান্ড কালারিস্টস’ (এএটিসিসি)-এর অনুমোদিত এএটিসিসি অস্ট স্টুডেন্ট চ্যাপ্টার। উৎসবের অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘ঢাকা পোস্ট’।

উল্লেখ্য, এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র এএটিসিসি স্টুডেন্ট চ্যাপ্টার এবং সমগ্র দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। অ্যাকাডেমিয়া ও টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যকার দূরত্ব দূর করা এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য

প্রতিযোগিতার আকর্ষণীয় সেগমেন্টসমূহ :
শিক্ষার্থীদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা ও ব্যবসায়িক চিন্তা মূল্যায়নে ‘টেক্সাথন’-এ থাকছে বহুমাত্রিক ৮টি সেগমেন্ট :
১. দ্য ব্র্যান্ড ক্যানভাস (টি-শার্ট ডিজাইন প্রতিযোগিতা)
২. টেক্সইন্টেল (টেক্সটাইল কুইজ প্রতিযোগিতা)
৩. ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন
৪. টেক্সনোভেশন (টেক্সটাইল আইডিয়া ডিসপ্লে)
৫. এড উইভ (বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা)
৬. দ্য ইন্ডাস্ট্রি স্ট্র্যাটেজি (বিজনেস কেস কম্পিটিশন)

এ ছাড়া, বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে দুটি উন্মোচিত ‘সারপ্রাইজ সেগমেন্ট’— টেক্সটাইল শৈল্পিক কাজের প্রদর্শনী ‘থ্রেডস অ্যান্ড স্ট্রোকস’ (টেক্সটাইল আর্ট এক্সিবিশন) এবং উদ্ভাবনী পোশাকের ক্যাটওয়াক ‘দ্য রানওয়ে’ (ফ্যাশন শো)। 

নেটওয়ার্কিং ও জব ফেয়ারের সুযোগ :
কেবল প্রতিযোগিতাতেই সীমাবদ্ধ নয় এই আয়োজন, টেক্সটাইল শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ইভেন্ট প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে একটি জব ফেয়ার। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল ব্র্যান্ড, বায়িং হাউস ও ম্যানুফ্যাকচারিং গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সরাসরি নেটওয়ার্কিং ও ক্যারিয়ার নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, টেক্সাথন মূলত একটি অভিজ্ঞতা, যা ক্লাসরুমের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী ইন্ডাস্ট্রিয়াল জ্ঞান অর্জনে সহায়তা করবে। বাংলাদেশে এএটিসিসি-এর একমাত্র চ্যাপ্টার হিসেবে বৈশ্বিক মানদণ্ড বজায় রেখে দেশীয় বস্ত্র খাতের ভবিষ্যৎ রূপকারদের তৈরি করতে কাজ করছে। সারাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইনের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারছেন। প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী ও রেজিস্ট্রেশন লিংক পাওয়া যাবে তাদের অফিসিয়াল ফেইসবুক পেজে।

আয়োজন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.aatccaust.org অথবা ইমেইল করুন [email protected] এই অ্যাড্রেসে।

এসএএস