ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘দ্য মডার্ন সোশ্যাল সায়েন্টিস্টস: নেভিগেটিং রিসার্চ, টিচিং অ্যান্ড অ্যাকাডেমিক গ্রোথ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ্-আল-মামুন।
এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য দেন এবং অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফিরদৌসি নাহার ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে পৃথক দুটি সেশনে বিশেষজ্ঞরা গবেষণা পদ্ধতি, অ্যাকাডেমিক উন্নয়ন, শিক্ষাদানের নতুন কৌশল এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ও আলোচনায় অংশ নেন।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক ও গবেষকদের আধুনিক গবেষণা দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ গড়ে তোলাই এ কর্মশালার মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান ইমন ও তারানা জাহিদ সন্ধি অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মান ও মর্যাদা বৃদ্ধির জন্য শিক্ষকদের গবেষণায় আরও বেশি মনোযোগী হতে হবে। আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশের পাশাপাশি গবেষণার সাইটেশন বৃদ্ধি করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ভালো গবেষণা শুধু একজন শিক্ষকের ব্যক্তিগত অর্জন নয়; এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়ায় এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব ফেলে।
তরুণ শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, উন্নত গবেষণা পরিবেশ তৈরি করা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে গবেষণার অর্থায়নের জন্য শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর না করে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈদেশিক গবেষণা তহবিল সংগ্রহের উদ্যোগ নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ্-আল-মামুন আধুনিক সমাজবিজ্ঞানীদের গবেষণা, শিক্ষাদান ও অ্যাকাডেমিক নেতৃত্বের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
এজেডআর/বিআরইউ
