রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন কলেজগুলোর ২১-২২ সেশনের শিক্ষার্থীদের একাংশ।
একইসঙ্গে প্রস্তাবিত নয়টি ধাপের মাধ্যমে নবগঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সংযুক্তের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তারা।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান সাত কলেজের ২১-২২ সেশনের শিক্ষার্থীদের একাংশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন যাবত ঢাবির অধিভুক্ত শিক্ষার্থীরা ফলাফল জট, সেশন জট, ভুতুড়ে রেজাল্ট সহ নানান সমস্যায় জর্জরিত ছিলো। শিক্ষার্থীদের ছিলো না কোনো অ্যাকাডেমিক ক্যালেন্ডার। পরে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে তৎকালীন অন্তর্বর্তীকালীন ডিসিইউ প্রতিষ্ঠার খসরা অধ্যাদেশ অনুমোদন করেন। পরবর্তী সময়ে বর্তমান বিএনপি সরকার ওই অধ্যাদেশ সংসদে বাস্তবায়ন করে ডিসিইউ প্রতিষ্ঠা করে।
শিক্ষার্থীরা বলেন, আমরা যৌক্তিকভাবে জানিয়েছি ৪র্থ বর্ষের অর্থাৎ ২১-২২ সেশনের শিক্ষার্থীদেরকে ডিসিইউতে অন্তর্ভুক্ত করার। তিতুমীর কলেজের গুটিকয়েক শিক্ষার্থীদের বিরোধিতার কারণে ২১-২২ সেশনের সকল শিক্ষার্থীদের জীবন নষ্ট করতে পারবে না ডিসিইউ প্রশাসন।
শিক্ষার্থীদের দাবি, সরকার, ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে দ্রুত সময়ের মধ্যে ডিসিইউতে অন্তর্ভুক্ত করে করে সুস্পষ্ট ও বাস্তবায়নযোগ্য প্রজ্ঞাপন জারি করে রোডম্যাপ প্রকাশ করতে হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন বলেন, বর্তমান ভিসি, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এমনকি ঢাবি কর্তৃপক্ষও শিক্ষার্থীদের মাইগ্রেশনে সম্মত আছে। এটি কোনো জমি বা ভবনের সংকট নয়—আমাদের শিক্ষক, ক্যাম্পাস ও অবকাঠামো সবই প্রস্তুত। প্রযুক্তি নির্ভর এ যুগে এই প্রশাসনিক স্থানান্তর শুধুই সদিচ্ছার ব্যাপার।
তিনি বলেন, ঢাবির বৈষম্যমূলক মূল্যায়নের কারণে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থীর কাঙ্ক্ষিত ফল নষ্ট হচ্ছে। চাকরির বাজার বা বিদেশে উচ্চশিক্ষার আবেদনেও আমাদের ‘অ্যাফিলিয়েটেড’ সনদের কারণে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। তাই আমরা কোনো অবস্থাতেই আবার ঢাবির অধীনে পরীক্ষা দিয়ে নিজেদের ক্ষতি ডেকে আনব না।
সংবাদ সম্মেলন শেষে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকল সেশনের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন তারা।
এছাড়াও সমস্যার সুষ্ঠু সমাধান না আসলে শিক্ষা ভবন অভিমুখে বা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এমওএইচ/আরএফ
