বিজ্ঞাপন

ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট যুবদলের ৫ নেতা বহিষ্কার

ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট যুবদলের ৫ নেতা বহিষ্কার

ফুটপাতে দখল ও চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের জেরে নিউমার্কেট যুবদলের পাঁচ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বহিষ্কৃত এসব নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারাদেশ অনুমোদন দিয়েছেন সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বহিষ্কৃত যুবদলের নেতারা হলেন– নিউমার্কেট থানার সদস্য সচিব কে এম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাহবুব, ১৮ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহাদাত, যুগ্ম আহ্বায়ক ইফতেখার ও চায়না সুমন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শনপূর্বক জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন নিউমার্কেট থানার সদস্য সচিব কে এম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাহবুব, ১৮ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহাদাত, যুগ্ম আহ্বায়ক ইফতেখার ও সুমনকে (চায়না সুমন) প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে বলা হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি সহ যে কোন অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় নিউমার্কেটের বলাকা মার্কেটের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরবর্তী সময়ে নিউমার্কেট যুবদলের কার্যালয় ভাঙচুর করা হয়। এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।

এমওএইচ/বিআরইউ